জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের আন্দোলন চালিয়ে যেতে হবে : নাসির উদ্দিন ইউসুফ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৭:৫৬

মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের যেমন ভূমিকা ছিল, তেমনি জঙ্গিবাদের বিরুদ্ধেও সাংস্কৃতিক কর্মীদের আন্দোলন চালিয়ে যেতে হবে।

বিশিষ্ট চলচ্চিত্রকার ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু আজ জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, জাতীয় রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবুল, জয়পুরহাট লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধূরী , পাঁচবিবির পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট থিয়েটারের হেলাল উদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য সাংস্কৃতিক কর্মীরা বর্তমান সরকারকে সমর্থন করেছে।’

আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে গাওয়ার উদ্যোগ গ্রহণের জন্য তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এর আগে পাঁচবিবি গ্রাম থিয়েটারের উদ্যোগে পাঁচবিবি বিপ্লবী আব্দুল কাদের চৌধুরী উদ্যানে আয়োজিত চার দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। উত্তরাঞ্চলের ১৬ জেলার গ্রাম থিয়েটারের শাখা সংগঠনের কর্মীরা এই উৎসবে যোগদান করেছেন।

ইত্তেফাক/এএন