স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের সুসম্পর্ক রয়েছে। তাৎক্ষণিকভাবে আমার জানা ছিলনা কোন সাংবাদিক কীভাবে পুলিশের হামলার শিকার হয়েছে। ইতোমধ্যে আপনারা জেনেছেন সাংবাদিকরা যে পুলিশ দ্বারা নিগৃহিত হয়েছে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
পুলিশের সঙ্গে সংবাদকর্মীদের ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটেছে বলে শুক্রবার মন্তব্য করায় স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাহারের দাবি ওঠে। তিনি বক্তব্য প্রত্যাহার করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি শুক্রবার ঘটনার বিষয়ে পুরোপুরি অবগত ছিলাম না।
না জেনে হঠাৎ করে সাংবাদিকরা জিজ্ঞাসা করায় পুলিশের সঙ্গে সংবাদকর্মীদের ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছিলাম। ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার ফুটেজ আমাদের কাছে এসেছে, ফুটেজ যাচাই-বাছাই করে দোষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী শনিবার বিকালে টাঙ্গাইলের সখীপুরে প্রয়াত এমপি শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়, সানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, এডিসি (সার্বিক) আনোয়ার হোসেন, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, আওয়ামী লীগ সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান, ওসি মাকছুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন
