কালীগঞ্জে সন্তান হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৯:৪৪
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় দেড় বছরের মেয়ে সন্তানকে হত্যার অভিযোগে সাদ্দাম হোসেন (২৭) নামে এক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার তাকে গ্রেফতার করা হয়।
 
ওই মামলার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের তেরমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম উপজেলার পানজোড়া গ্রামের বাসিন্দা। পরে দুপুরেই তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
 
মামলার বাদী ও নিহত শিশুর মা রাজিয়া খাতুন জানান, তিন বছর আগে পারিবারিকভাবে সাদ্দামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কলহ শুরু হয়। প্রায়ই স্বামী তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এরই মধ্যে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। সন্তান জম্মের পর স্বামীর নির্যাতনের ভয়াবহতা আরো বাড়তে থাকে। কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজিয়া মুখ বুঝে সব সহ্য করেন। চলতি মাসের ১৭ তারিখে বিকাল সাড়ে চারটায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুটি মরিয়মকে বাইরে নিয়ে যায় বাবা সাদ্দাম হোসেন। পরের দিন স্থানীয়দের খবরে তার শশুর বাড়ির পাশ্ববর্তী জঙ্গল থেকে অসুস্থ অবস্থায় মরিয়মকে উদ্ধার করেন। পরে টঙ্গীর একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় শনিবার রাজিয়া বাদী হয়ে স্বামী সাদ্দাম হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।’
 
তিনি আরো জানান, সাদ্দাম সন্তান মরিময়কে বিষ খাইয়ে হত্যার করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ