মানিকগঞ্জে মৎস খামারিকে পিটিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ২২:৫১

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মৎস খামারী জাকির হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যায় ঘিওরের চিহ্নিত বখাটে মিজান (৩৫) ও তার সহযোগিরা ওই মৎস খামারীর ওপর হামলা চালিয়ে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে আহত জাকির জানিয়েছেন।

বখাটে মিজানুর রহমান ওই গ্রামের মো. আব্দুস সালামের ছেলে। গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জাকিরের স্বজন হাসানুর রহমান জানান, শনিবার বিকেলে ঘিওর উপজেলার মৌহালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি গ্রাম্য শালিসে জাকির উপস্থিত ছিলেন।

ওই শালিসে ঘিওর উপজেলা বিএনপির সভাপতি আহমেদ রাশেদ, স্থানীয় বরটিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীনুর রহমান, উলাইল ইউনিয়নের প্রাক্তন সদস্য শাহজাহান মেম্বার, সাবেক স্কুল শিক্ষক রওশন আলীসহ গ্রামের প্রায় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সন্ধ্যার দিকে বিচারের বিরতিতে বখাটে মিজান ও সহযোগী চঞ্চল মোল্লা, নয়ন মিয়া, হায়দার ভুইয়াসহ ৩০/৪০ জন অতর্কিতে জাকিরের ওপর হামলা চালায়। এ সময় তারা জাকিরকে পিটিয়ে আহত করে তার কাছে থাকা দেড়লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় ইউপি সদস্য শাহীনুর রহমান জানান, গ্রামের একটি শান্তিপূর্ণ শালিসে জাকির হোসেনের ওপর মিজান বাহিনীর এই হামলার ঘটনা ন্যাক্কারজনক। মিজান একজন বখাটে ও নেশাগ্রস্থ।

মিজানের মামা প্রাক্তন ইউপি সদস্য শাহজাহান মেম্বার জানান, জাকিরের ওপর হামলার ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায়না।

ঘিওর থানার ওসি মিজানুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা আইনি ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএন