বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান বলেন, '২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।'
তিনি বলেন, 'বিদ্যুতের জন্য আর কাউকে হয়রানি হতে হবে না। একদিন বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে। পদ্মা সেতু নির্মিত হয়ে গেলে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গায় উন্নয়নের জোয়ার বয়ে যাবে।'
ফরিদপুরের মধুখালী পৌর আওয়ামী লীগ আয়োজিত ২ ও ৩নং ওয়ার্ড এর মধুপুর মোহন বাজারে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান এই কথা বলেন।
তিনি বলেন, 'আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন।' অতিস্বল্প সময়ে মধুখালী পৌর সভাকে 'খ' শ্রেণিতে উন্নীত করায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মাদ আলী মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা, পৌর মেয়র খন্দকার মুরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, জেলা পরিষদ সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জনসভাটি সঞ্চালনায় ছিলেন পৌ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন।
ইত্তেফাক/এসএস
