মিরসরাইয়ে ৬ মাসে ২৬ আত্মহত্যা!

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ০৯:৫৮
 
চট্টগ্রামের মিরসরাইয়ে আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে। উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় সমপ্রতি আত্মহত্যাপ্রবণতা আঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ২৩ জানুয়ারি পর্যন্ত গত ৬ মাসে উপজেলায় ২৬টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
 
চলতি বছরের ২৩ জানুয়ারি গলায় ফাঁস দিয়ে আবদুল্লাহ (১৩) নামে এক মাদরাসা ছাত্র আত্মহত্যা করে। আবদুল্লাহ করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র এবং এলাকার আবুল হাশেম মিস্ত্রির ছেলে। স্থানীয়রা জানায়, পড়াশোনায় অমনোযোগী হওয়ায় গত ২২ জানুয়ারি তার মা তাকে বকুনি দেয়। এতে অভিমান করে পরদিন বসতঘরের পাশের একটি ঘরে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে।
 
বিয়ের এক বছর না যেতেই গত ৮ জানুয়ারি গলায় ফাঁস লাগিয়ে তৃষ্ণা রাণী মজুমদার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ওইদিন উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের বদিউল্যা পাড়া নিতাই মেম্বার বাড়িতে এঘটনা ঘটে। তৃষ্ণা মজুমদার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চরপার্বতী গ্রামের বিনোদ বিহারী মজুমদারের মেয়ে এবং বদিউল্যা পাড়ার মেঘনাথ দাশের স্ত্রী। ২৪ ডিসেম্বর উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা গ্রামের সৌদি প্রবাসী একরামুল হকের স্ত্রী ফরিদা ইয়াছমিনের (৪৫) আত্মহত্যা করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ ডিসেম্বর বড়দারোগাহাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইকবাল হোসেন টিপু (২৩) নামে এক যুবক। ২১ ডিসেম্বর করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের লিচুতলা এলাকার একটি পোলট্রি ফার্মে মাসুক (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। ১০ ডিসেম্বর উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের গ্রবাসী মাহবুবুল আলমের বাড়ির গৃহকর্মী শারমিন আক্তারের (১৬) মৃতদেহ ঘরের মধ্যে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ২০ নভেম্বর উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের বারমাইয়্যা ছড়ার স্লুইস গেটের পূব পাশে বাইদ্যা কানাল পাহাড়ের চূড়ায় গাছের সাথে ঝুলন্ত অজ্ঞাত (২৪) যুবকের লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ ।
 
জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, সমপ্রতি উপজেলার দুটি থানাতেই আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মূলত পারিবরিক কলহ ও প্রেম ঘটিত কারণে এসব ঘটনা ঘটছে। তবে কোনো কোনো মৃত্যু রহস্যজনক। হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ারও আশঙ্কা করা হচ্ছে।
 
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রতন কান্তি দে জানান, গত ৬ মাসে উপজেলায় ২৬ ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি বলেন, এটি একটি মানসিক ব্যাধি, বিষন্নতাজনিত ডিপ্রেশন বা মানসিক অবসাদের জন্যই এমনটি হচ্ছে।