সরাইল-অরুয়াইল সড়কের বেহাল দশা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১০:৪১
 
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সড়কের বেহাল দশা। সড়কটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়েই বর্তমানে এই সড়ক দিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। দ্রুত সড়কটির সংস্কার করা না হলে যে কোন সময়ে সড়কে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
 
সরাইল উপজেলার চুণ্টা, অরুয়াইল ও পাকশিমুল  তিন ইউনিয়নবাসীর উপজেলা সদরে আসা যাওয়ার সড়ক এটি। প্রতিদিন ওই তিন ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক দিয়ে যানবাহনে করে জেলা সদরসহ উপজেলা সদরে আসা-যাওয়া করে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে প্রায় ৫ শতাধিক সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন। কিন্তু বর্তমানে সড়কটির ভগ্নদশার কারণে জীবনের ঝুঁকি নিয়েই লোকজন চলাচল করছে।
 
এলাকাবাসী জানান, সরাইল উপজেলার উত্তরাঞ্চলের তিন ইউনিয়নবাসীর স্বপ্নের সড়ক এটি। তাদের দাবির মুখে এলজিইডির তত্বাবধনে ২০১০ সালে হাওরের উপর দিয়ে প্রায় ১২ কিলোমিটার রাস্তাটি নির্মাণ করে সরকার। রাস্তাটি নির্মাণের ফলে উপজেলা সদরের সাথে তাদের সড়ক যোগাযোগ স্থাপিত হয়। ওই তিন ইউনিয়নে ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ১২ কিলোমিটার সড়কের প্রায় সাড়ে ৫ কিলোমিটারের অবস্থা এখন খুবই নাজুক।
 
এ ব্যাপারে সরাইল উপজেলা প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক বলেন, 'গত ৮ মাসে সড়কটি সংস্কারের জন্য বরাদ্ধ চেয়ে মন্ত্রণালয়ে ৫টি পত্র দিয়েছি।' তিনি বলেন, 'আগামী বর্ষার আগে সংস্কার কাজ শেষ করা না গেলে সড়কটি বিলীন হয়ে যাবে।'
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন, 'সড়কটির বেহালদশার কথা জেলা সমন্বয় কমিটির সভায় একাধিকবার বলেছি। সড়কটি সংস্কারের জন্য আমার চেষ্টা অব্যাহত আছে।'
 
ইত্তেফাক/এসএস