সাভার: আমেরিকার ট্রাইয়েঙ্গেল সোয়েটারে অগ্নিকাণ্ডের ১০৮ বছর এবং রানা প্লাজা ধসের ৭১ মাস পূর্তি ও বনানীতে এফ আর টাওয়ারে আগুনে নিহতদের স্মরণে এবং দোষীদের শাস্তির দাবিতে সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে গতকাল মানববন্ধন, সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার, সাংগঠনিক সম্পাদক আমিনুল শামা, রানা প্লাজা শাখার সংগঠক রূপালী আক্তার ও কেন্দ্রীয় সদস্য নূরুল ইসলাম। বক্তারা বলেন, রানা প্লাজা ধসের ৭১ মাস পার হয়েছে গত ২৪ মার্চ। দীর্ঘ ৬ বছরেও শাস্তি পায়নি সোহেল রানাসহ অন্য দোষীরা। সারা দেশেই শ্রমিকরা আজ নিরাপত্তাহীন অবস্থায় কাজ করছে। বনানীর বহুতল ভবনে প্রাণহানিও সরকারের ব্যর্থতাকেই সামনে এনেছে। বক্তারা এ ঘটনায় অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান। ১৯১১ সালের ২৫ মার্চ আমেরিকার নিউ ইয়র্ক শহরে ট্রাইয়েঙ্গেল সোয়েটার কারখানায় আগুন লেগে নিহত ১৪৬ শ্রমিককে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান শ্রমিক নেতৃবৃন্দ —ইত্তেফাক
