বিলের মাঝখানে সেতু। উভয়পাশে নেই সংযোগ সড়ক। ফলে সেতুটি কোন কাজেই আসছে না। বেড়েছে মানুষের দুর্ভোগ। অথচ এক বছর আগে ২৮ লাখ টাকা ব্যয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ডেলুগাড়ী নালার ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে।
গুরুদাসপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সূত্রে জানা গেছে, বিয়াঘাট হয়ে ডেলুগাড়ী বিলের মাঝ দিয়ে দূর্গাপুর অভিমুখে একটি নালা বয়ে গেছে। ২০১৫-২০১৬ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ওই বিলে নালার ওপর ৩৪ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়।
বিয়াঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ইউনুস জানান, ইউনিয়নের চরাঞ্চলের সাথে বিচ্ছিন্ন গ্রাম সাবগাড়ী, যোগেন্দ্রনগর, বিলহরিবাড়ি, হরদমা ও জ্ঞানদানগরে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেই বিলের মাঝের নালার ওপর সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেতুর সংযোগ সড়ক না থাকার কারণে মানুষ কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না।
গত শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে দেখাগেছে, সেতুটির ৫শ মিটার দূরে চরাঞ্চলের দক্ষিণ-পশ্চিমাংশ পর্যন্ত পাকা করা সড়ক রয়েছে। ব্যাটারি চালিত ভ্যান এসে থামছে। সংযোগ সড়ক না থাকায় এসব যানবাহনগুলো পার হয়ে গন্তব্যে যেতে পারছেনা। আর সেতুটির প্রায় ২শ মিটার উত্তর-পূর্বে রয়েছে নিচু কাঁচা সড়ক। পায়ে হেঁটে সেতুর পশ্চিমে এসে ভ্যানে উঠছেন মানুষ।
বিয়াঘাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জানান, সংযোগ সড়কটি নির্মাণ করা হলে ইউনিয়ন পরিষদের সাথে চরাঞ্চলের সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। মানুষের দুর্ভোগ অনেক কমে আসবে। তাছাড়া নালার ওপর সেতু নির্মাণ হওয়ায় সেতুর উত্তর-পূর্ব অংশের কাঁচা সড়কটি পাকা করণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু সেতুর সংযোগ সড়কের কারণে সড়ক পাকা করণের কাজ থেমে রয়েছে।
এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার গোলাপ দাবি করে বলেন, 'ব্রিজের নির্মাণ কাজ শেষ হতে না হতেই বর্ষা শুরু হওয়ায় সংযোগ সড়কের কাজ শেষ করা যায়নি। সুবিধা-মত সময়ে কাজ শেষ করা হবে।'
ইত্তেফাক/এসএস
