সিরাজদিখানে পরিবেশগত প্রভাব নিরূপণের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার মালখানগর তালতলা ডাক বাংলো আঙিনায় এ সভা অনুষ্ঠিত হয়। কনস্ট্রাকশন অফ ইমপরটেন্ট ব্রিজ রুরাল রোডস প্রজেক্ট, এলজিইডি’র বাস্তবায়নে অনুষ্ঠানটির আয়োজন করে ইকিউএমএস- কনসালটিং লিমিটেড।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। ইকিউএমএস-এর অ্যাসিস্টেন্ট কনসালটেন্ট সিহাবউদ্দিন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মালখানগর ইউপি সচিব আমিনুল ইসলাম। এসময় মালখানগর, তালতলা বাজার, গোড়াপীপাড়া, ফেগুনাসার, কাজীরবাগ, চর বয়রাগাদি, কালীনগরসহ বিভিন্ন গ্রামের জনসাধারণ উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, তালতলা ইছামতি শাখা নদীর উপর ব্রিজটি প্রয়োজন। ব্রিজটি হলে যাতায়াত সহজ হওয়ার কারণে এ এলাকার উন্নয়ন, শিক্ষা এবং কৃষিতে সফলতা আসবে। ৩টি উপজেলার লাখো মানুষের সমস্যা কমবে। কম সময়ে রাজধানী ঢাকায় আসা-যাওয়া করা যাবে।
এছাড়া কাঠপট্টি (কমলা ঘাট) থেকে সিরাজদিখান পর্যন্ত নদী ও তালতলা থেকে ইছাপুরা পর্যন্ত খালটি খনন করা অতি জরুরি। সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক লেখক সামসুল হক, কোলা ইউপি চেয়ারম্যান মীর লিয়াকত আলী, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিস মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ খান প্রমুখ।
