গাইবান্ধার কামারজানি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের কুন্দেরপাড়া চরে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে কুন্দেরপাড়া ‘গণ উন্নয়ন একাডেমি’ নামের মাধ্যমিক বিদ্যালয়টি পুড়িয়ে দেয়। গতকাল রবিবারও খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবুতে শিক্ষার্থীরা ক্লাশ করেছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে স্কুলচত্বরে ছাত্র জমায়েত করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গাইবান্ধা শহরে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন। অন্যদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, আসন্ন এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের পুড়ে যাওয়া প্রবেশপত্র আনতে দিনাজপুর শিক্ষাবোর্ডে শিক্ষকরা গিয়েছেন। প্রবেশ পত্র পেতে কোন অসুবিধা হবে না বলে তিনি জানান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, আগুনে বিদ্যালয় পুড়ে যাওয়ার অলামত সংগ্রহ করা হয়েছে। আলামত পরীক্ষার জন্য বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে যাবে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
গণ উন্নয়ন একাডেমি বিদ্যালয় অগ্নিকাণ্ডে ভস্মীভূত করার প্রতিবাদে রবিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা মানবাধিকার ফোরাম, জেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদ, জেলা মানবাধিকার নারী সমাজ, জেলা মানবাধিকার নাট্য পরিষদ, মানবাধিকার সামাজিক উদ্যোক্তা দল, জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, রাজনৈতিক নের্তৃবৃন্দ এবং শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলার সময় বক্তারা বলেন, এই নাশকতার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেইসঙ্গে চরাঞ্চলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি বিদ্যালয়কে এমপিওভুক্ত করা এবং সরকারি আর্থিক সহায়তায় জরুরী ভিত্তিতে বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণসহ আসবাবপত্র, লাইব্রেরির বই-পুস্তক ও শিক্ষা উপকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
যে সমস্ত শিক্ষার্থীর সনদপত্র পুড়ে গেছে তাদের সনদপত্রের ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবাধিকার ফোরামের আহবায়ক আবু জাফর সাবু, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, সিপিবি সভাপতি মিহির ঘোষ, জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, জিয়াউল হক জনি, মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী আব্দুল খালেক মানবাধিকার কর্মী হাসিনা জোয়ারদার, আব্দুর রউফ, বিপুল কুমার দাস, বিদ্যালয় শিক্ষার্থী শাপলা আকতার, আব্দুল জলিল প্রমুখ।
ইত্তেফাক/এএন
