সোনারগাঁওয়ে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ভাগ্য

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০০:৩৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মুছারচর গ্রামে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে সোলায়মান নামে এক কৃষকের তিনটি গরু পুড়ে মারা গেছে। এতে ওই কৃষক পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে তাদের আয়ের একমাত্র পথ। গরুর দুধ বিক্রি করেই সংসার চালাতো ওই কৃষক পরিবার। এ ঘটনায় সোলায়মান শুক্রবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর দক্ষিণপাড়া গ্রামের কৃষক সোলায়মান মিয়ার দুইটি গাভি ও একটি ষাঁড় গরু ছিল। বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোয়ালঘরে গরু তিনটি দেখে তিনি ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে আগুনের আঁচে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। গোয়ালঘরে আগুন দেখে তিনি সেখানে ছুটে যান। তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে; কিন্তু আগুন নেভানোর আগেই পুড়ে মারা যায় সোলায়মানের তিনটি গরু। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে।