মুসলিম শরণার্থী ও অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িক নিষিদ্ধ করে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে নিউ ইয়র্কসহ প্রায় সব শহর। ৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে স্থগিতাদেশ দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার প্রতিক্রিয়ায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের ৪ নাম্বার টার্মিনাল থেকে বিক্ষোভের সূত্রপাত হয়। অভিবাসন কর্তৃপক্ষ বিমানবন্দরে ১১ জন শরণার্থীকে আটক করার পরই এ বিক্ষোভ শুরু হয়।
নিউ ইয়র্ক থেকে আমেরিকা বাংলাদেশ চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান জানান,এই বিক্ষোভে সেখানে বসবাসরত অভিবাসী বাংলাদেশিরা ব্যাপকহারে অংশ নিচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলো এবং সচেতন নাগরিকরা প্রায় সবাই ট্রাম্পের এই বিদ্বেষী নীতির প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন।
শনিবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে। ইমিগ্রেশন অ্যান্ড সিভিল রাইটস গ্রুপের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, আটলান্টা, হাউস্টন এবং ডিট্রয়েটেও কয়েকজন ভ্রমণকারীকে আটক করা হয়েছে। কেবল জেএফকে বিমানবন্দরই নয়, ওয়াশিংটন ডিসির ডালেস বিমানবন্দরেও বিক্ষোভকারীরা জড়ো হন।
ইত্তেফাক/এমআই
