শিখা সাহা ও জ্যোতি দাস পেলেন শহীদ রনদা প্রসাদ রায় একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৭:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিখা সাহা ও জ্যোতি দাস “শহীদ রনদা প্রসাদ রায় এ্যাওয়ার্ড অব একাডেমিক এক্সিলেন্স” অর্জন করেছেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ এক অনুষ্ঠানে ২০১৬ সালে বিএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাদের হাতে এ এ্যাওয়ার্ড তুলে দেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মণ্ডল, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আব্দুস ছামাদ, ইউজিসি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান উপস্থিত ছিলেন।

উপাচার্য অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের নিরলসভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, শহীদ রনদা প্রসাদ রায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ছাত্র ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর পাকিস্তানী বাহিনীর গুলিতে তিনি নিহত হন।

ইত্তেফাক/এএন