লৌহজংয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে প্রার্থীসহ আহত ১০

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০০:৩৪

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোট চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির বেপারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় লৌহজং-টেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিসসহ ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহতদের লৌহজং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

লৌহজং থানার ওসি মনির হোসেন জানান, আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন তপনের (তালা মার্কা) পক্ষে ভোট চাইতে লৌহজংয়ের চরাঞ্চলে যান লৌহজং-টেউটিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মামুন, শাহীন গং। একই জায়গায় জাকির বেপারীর পক্ষে ভোট চাইতে যান ফারুক মাদবর ও তার ভাই শাহাবুদ্দিন মাদবর গং। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়। এ সময় ঐ এলাকায় গণসংযোগ করছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির বেপারী। সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসলে প্রতিপক্ষের সমর্থকরা তার উপর হামলা চালায়। এ সময় তার গাড়িও ভাঙচুর করা হয়। পরে জাকির বেপারীকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

আহত জাকির বেপারী জানিয়েছেন, তিনি ওই পথ দিয়ে যাবার সময় তার উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে তার লোকজন বিকালে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ ব্যাপারে লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজিব খান জানান, হামলার ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।