সাতক্ষীরার তালা উপজেলায় মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাইকালে এক ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকায় তোলার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, তালা উপজেলার মুড়াকুলিয়া গ্রামের কলেজ শিক্ষক শাহিনুর রহমান তারা বাবা মৃত মোবারক আলীর নাম তালিকায় অন্তর্ভুক্তি করার চেষ্টা চালান। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে গত ২৮ জানুয়ারি শনিবার মুক্তিযোদ্ধা তালিকা যাচাই বাছাই কমিটি স্বাক্ষ প্রদানের জন্য তালা উপজেলার ৮ বীর মুক্তিযোদ্ধাকে ডাকে। উক্ত বোর্ডে এ সময় হাজির হন, যুদ্ধকালীন কমান্ডার আব্দুস সোবহান, যুদ্ধকালীন কমান্ডার সুভাষ সরকার, মুক্তিযোদ্ধা সন্তোষ, মকবুল হোসেন, এরফান, সুজাত আলী ও ইনছাফ আলী।
মুক্তিযোদ্ধারা এ সময় হাজির হয়ে স্বাক্ষ দেন, মুড়াকলিয়া গ্রামের মোবারক আলী একজন ভুয়া মুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রপতির আদেশক্রমে বিগত ০৬/০৬/২০১৩ ইং তারিখে ১টি প্রজ্ঞাপনের মাধ্যমে উক্ত মোবারকের গেজেট ২০৯৭ এবং সনদ ম-১৮-২৫৩৭ বাতিল করা হয়।
এ ব্যাপারে যুদ্ধকালীন কমান্ডার সুভাষ সরকার, সরকার কর্তৃক গেজেটের মাধ্যমে বাতিলকৃত মৃত মোবারক আলী যেন কোনোভাবে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন সেজন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
ইত্তেফাক/এএন
