বরগুনার পাথরঘাটার চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নীল কমলের বিরুদ্ধে এক শিক্ষার্থীর মাথায় আঘাতের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে নীল কমল উক্ত বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সিফাত আহম্মেদের মাথায় আঘাত করে।
আঘাতের কারণে কান দিয়ে রক্তক্ষরণ হলে সিফাতকে রবিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিফাত আহম্মেদের মা রিনা পারভীন জানান, গত বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কথা বলার অভিযোগে প্রথমে সহকারি শিক্ষক রণজিতা রানী বকাবকি করেন। পরে ওই শিক্ষক অপর সহকারি শিক্ষক নীল কমলকে ডেকে আনেন। শিক্ষক নীল কমল এসে ছাত্র সিফাত আহম্মেদের মাথায় ও কানে প্রচণ্ড আঘাত করে। এতে কান দিয়ে রক্তক্ষরণ হয়। পরে অবস্থার অবনতি হলে গত রবিবার ভোরে সিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সিফাত আহম্মেদ।
অভিযোগ প্রসঙ্গে চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নীল কমল বলেন, এক ম্যাডামের সংঙ্গে খারাপ ব্যবহার করায় ওই ছাত্রকে আমি দুটি চড় মেরেছি।
এ ব্যপারে পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম বলেন, ওই ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএন
