এফ আর টাওয়ারের মালিকের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে :আইজিপি

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০০:৫৪

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বনানীর এফ আর টাওয়ারের মালিকের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে। ক্ষতিগ্রস্ত ও হতাহত পরিবারের কেউ যদি মামলা না করে তাহলে রাষ্ট্রপক্ষ থেকে পুলিশ বাদী হয়ে মামলা করবে। তিনি বলেন, এই ভবন মালিকের পরিচয় পাওয়া গেলেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। আমরা মালিকের পরিচয় পেয়েছি, তাও অন্য একটি মাধ্যম থেকে। পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক চেষ্টার পরও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। আইজিপি বলেন, আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি, বাদীর অভাবে মামলা করতে দেরি হচ্ছে। গতকাল শুক্রবার বিকালে এফ আর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

পুলিশ প্রধান বলেন, ফায়ার সার্ভিস আমাদের কাছে এফআর টাওয়ারটি বুঝিয়ে দেবে। তারপর আমাদের কার্যক্রম কী হবে সেটা আমরা চূড়ান্ত করেছি। প্রতিটি ফ্লোরে পুলিশের নেতৃত্বে একটি করে টিম যাবে। সঙ্গে ফায়ার সার্ভিস আর অফিসগুলোর প্রতিনিধিরা থাকবেন। কারও কোনো মূল্যবান জিনিস থাকলে সেগুলো যেন খোয়া না যায়, আমরা সেগুলো তাদের কাছে বুঝিয়ে দেব। বুয়েটের একটি দল আন-অফিসিয়ালি এসেছে। আগামীকাল বা পরশু আনুষ্ঠানিকভাবে তাদের একটি দল আসবে। তারা যদি নিরাপদ বলেন তাহলে ভবন খুলে দেব; আর না বললে ভবন খোলা হবে না।