সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ২০:০২

ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে রবিবার একঘন্টা মানববন্ধন কর্মসূচী পালন করেছে জলঢাকা প্রেসক্লাবের সকল সাংবাদিক।

সকাল এগারটায় স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে মানববন্ধন কর্মসুচীতে একাত্মতা ঘোষণা করেন অনাথ কন্যা শিশু আশ্রম চাঁদমনির প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবু, বিএম আই কলেজের অধ্যক্ষ আবেদ আলীসহ বিভিন্ন পেশার মানুষ।

এ সময় বক্তব্য রাখেন জলঢাকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এসএ টিভি নীলফামারী জেলা প্রতিনিধি মাহবুবর রহমান মনি, সমকাল প্রতিনিধি হাসিবুল ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি হাসানুজ্জামান সিদ্দিকী, অপরাধ বিচিত্রা রংপুর বিশেষ প্রতিনিধি মশিউর রহমান প্রমূখ।

বক্তারা সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইশান দিদার ও ক্যামেরা পারসন আব্দুল আলীমকে শাহবাগ থানা পুলিশ পিটিয়ে হাত ও পা ভেঙে দেয়।

ইত্তেফাক/এএন