‘রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের প্রতি মানবতাবিরোধী অপরাধ হয়েছে’

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০০:৫৫

মালয়েশিয়া ও থাইল্যান্ডে হাজার হাজার রোহিঙ্গা, বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুর প্রতি মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে আন্তঃদেশীয় মানব পাচার চক্র। মালয়েশিয়ার মানবাধিকার কমিশন এবং মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটসের এক যৌথ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘সোল্ড লাইক ফিস’ শীর্ষক ১২১ পৃষ্ঠার প্রতিবেদনটি বুধবার প্রকাশ করা হয়েছে। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত মানব পাচারকারীদের নিপীড়নের শিকার ২৭০ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাত্কার ও যৌথ তদন্তের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, চার দেশে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তথ্যপ্রমাণ মিলেছে। ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ অবৈধভাবে বাংলাদেশ ও মিয়ানমার ছেড়ে সাগরপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি জমায়। এ সময় অভিবাসন প্রত্যাশীদের হত্যা, গণকবর দেওয়া, ধর্ষণ, শারীরিক নির্যাতন, মুক্তিপণ আদায়সহ ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ করেছে মানব পাচারকারী চক্র। প্রতিবেদনে আন্তঃদেশীয় এ অপরাধী চক্রকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদও দেওয়া হয়েছে।