তিন বছর মিথ্যাচারের পর শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ‘রুশ হস্তক্ষেপ’ নামের ধাপ্পাবাজি। মুলারের তদন্ত নিয়ে তীব্র বিষোদগার করতে গিয়ে একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান শিবির ও রাশিয়ার ‘সম্ভাব্য আঁতাত’ নিয়ে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের তদন্তকে যারা সমর্থন দিয়েছিল, তারা ২০১৬ সালের নির্বাচনের ফল উল্টে অবৈধভাবে ক্ষমতা দখলে চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার মিশিগানে রিপাবলিকান পার্টির এক প্রচার সমাবেশে তিনি এ অভিযোগ করেন। গত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রিপাবলিকান শিবির ও মস্কোর মধ্যে কোনো আঁতাত হয়েছিল কিনা এবং এ সংক্রান্ত এফবিআইয়ের তদন্তে মার্কিন প্রেসিডেন্ট বাধা দিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখতে মুলারকে স্পেশাল কাউন্সেল হিসেবে নিয়োগ দিয়েছিল মার্কিন বিচার বিভাগ।
দীর্ঘ ২২ মাস পর গত সপ্তাহেই মুলার তার তদন্ত প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে ট্রাম্প শিবিরের কারও সঙ্গেই রাশিয়ার কোনো আঁতাত ছিল না বলে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সারসংক্ষেপে বলা হয়েছে। মুলারের তদন্তে যুক্তরাষ্ট্র ‘আঘাত পেয়েছে’ উল্লেখ করে ট্রাম্প তার বিরোধীদের ‘পরাজিত’ অ্যাখ্যা দিয়েছেন। তদন্ত যে অবশেষে সমাপ্ত হতে যাচ্ছে, তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তিন বছর ধরে বলা মিথ্যা, কলঙ্ক লেপন ও অপবাদের পর অবশেষে শেষ হতে যাচ্ছে রাশিয়া তদন্ত নিয়ে ধাপ্পাবাজি। অনেক নিষ্পাপ মার্কিনী সরল বিশ্বাসে এ বিস্তৃত ধাপ্পাবাজির শিকার হয়েছে। ট্রাম্প গণমাধ্যমেরও তীব্র সমালোচনা করেন। -বিবিসি
