দেশে ক্যান্সারের ওষুধ আনলো এমজিএইচ হেলথ কেয়ার

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০১:০৮

বাংলাদেশে জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে এলো এমজিএইচ হেলথকেয়ার ও অ্যাস্ট্রাজেনেকা। অসংক্রামক মরণব্যাধী ক্যান্সার, কিডনি ও হূদরোগে আক্রান্ত রোগীদের জন্য এই ওষুধ এনেছে এমজিএইচ হেলথকেয়ার লিমিটেড। যুক্তরাজ্যভিত্তিক অ্যাংলো-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা’র সঙ্গে যুক্ত হয়েছে দেশীয় কোম্পানিটি।

গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ সুইডিশ ট্রেড অ্যান্ড ইনভেস্ট কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, সুইডিশ রাষ্ট্রদূত চারলোটটা স্কালাইটার, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন প্রমুখ।

অনুষ্ঠানে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির প্রেসিডেন্ট নিতিন কাপুর বলেন, এই অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে আস্ট্রাজেনেকা ও এমজিএইচ হেলথ কেয়ারের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশে দুরারোগ্য রোগের চিকিত্সা সেবায় বৈজ্ঞানিক প্রযুক্তি নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসার সুযোগ সৃষ্টি হবে।

এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদ বলেন, এমজিএইচ হেলথকেয়ার লিমিটেড তার দেশজুড়ে বিস্তৃত বিক্রয় ও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার সর্বোচ্চ মানের ওষুধ রোগীদের হাতের নাগালে পৌঁছে দেব।