মতলবে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:২৯

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে পৌরসভার আটটি এলাকায় ১৫ জন জখম হয়েছে। আজ সোমবার সকালে মতলব পৌর এলাকার বেশ কয়েকটি স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঐ দিন সকাল আটটা থেকে ১১টার মধ্যে কয়েকটি পাগলা কুকুর মতলব পৌরসভার পাশাপাশি আটটি এলাকার লোকজনকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। কুকুরের কামড়ে পৌরসভার চরমুকুন্দি এলাকার মো. রিপন (৩০), হামিদা আক্তার (১৬), মো.নীরব (৭), শফিকুল ইসলাম (২৪) ও মো. রাতুল (১২), ঘোষপাড়ার উৎসব (১০), ইশতিয়াক (৭), ও রুদ্র সরকার (৩), চরনয়া এলাকার হালিমা আক্তার (১৮), নিলক্ষীর মো. হামদর্দ (১২), সর্দারকান্দির তাহের আলী (৩০), নবকলসের মো. সাদেক (৩), লক্ষীপুরের খাদিজা আক্তার (১৬) ও মঞ্জুরুল ইসলাম (৩৫) এবং বাইশপুরের মো. সোহেলের (২০) দুই পা, হাত, কোমড় ও বুক-পিঠ রক্তাক্ত জখম হয়।

পরে লোকজনের ধাওয়া খেয়ে এসব কুকুর পালিয়ে যায়। গুরুতর আহত ১৫ ব্যক্তিকে পরিবারের লোকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মুহিবুল্লাহ তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।

কলাদী এলাকার মো. শাহাদাত হোসেন অভি বলেন, সকাল আটটায় তিনি বাড়ির পাশের রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ পেছন থেকে দু-তিনটি পাগলা কুকুর তাঁর পা কামড়াতে থাকে। পরে লাফ দিয়ে তাঁর কোমড়, বুক, পিঠ  ও দুই হাতে কামড়ায়। এতে তাঁর শরীরের এসব অংশ জখম হয়। পরে তাঁকে হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসা নিয়েছেন।

পৌর মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, এসব পাগলা কুকুর নিধনে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান জানান, ভর্তি হওয়া ১৫ জনের পা, হাত, কোমড় ও বুক-পিঠ জখম হয়েছে। তাঁদের র‌্যাবিস ভ্যাকসিন ও র‌্যাবিস ইমিউনোগ্লোবলিন ইনজেকশান দেওয়া হয়েছে। সবাই আশঙ্কামুক্ত।

ইত্তেফাক/এএন