রামগঞ্জে বিদ্যুৎহীন ৮২ প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:৪২

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৮২টি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই। ফলে ওইসব বিদ্যালয়ের ৩০ সহস্রাধিক শিক্ষার্থী ডিজিটাল শিক্ষাব্যবস্থা থেকে বঞ্চিত। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিয়ত পোহাতে হচ্ছে নানা ভোগান্তি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলায় ১৬১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৭৯টি বিদ্যালয় বিদ্যুৎ সংযোগ আছে। গাজীপুর প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম শোশালিয়া প্রাথমিক বিদ্যালয়, উত্তর বল্লাবপুর প্রাথমিক বিদ্যালয়সহ ৮২টি বিদ্যালয় অদ্যবধি বিদ্যুৎ সংযোগ পায়নি।

ফলে ওই বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের গরমসহ নানা সমস্যায় পড়তে হয়। বিদ্যুৎ না থাকায় সরকারের প্রতিশ্রুত ডিজিটাল শিক্ষাব্যবস্থা থেকে তারা অনেক দূরে রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের কোনো কার্যকরি পদক্ষেপ না থাকায় আদৌ তারা বিদ্যুৎ সংযোগ পাবে কি না এ হতাশায় আছেন শিক্ষক ও অবিভাবকরা।

দরবেশপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলম জানান. বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকায় গরমে শিক্ষকরা লেখাপড়া করাতে ও ছাত্রছাত্রীদের লেখাপড়া করতে চরম সমস্যার সৃষ্টি হয়। সরকার ডিজিটাল প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের লেখাপড়া করানোর কথা বললেও বিদ্যুৎতের কারনে তা সম্ভব হচ্ছে না।

রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান মোল্লা জানান, বিদ্যালয়গুলোেত ১টি খুটি হলে বিদ্যুৎতায়ন করা যাবে। আমরা ইতিমধ্যে তালিকা প্রেরন করছি।

স্থানীয় এমপি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল জানান, রামগঞ্জে ৮২টি প্রাথমিক বিদ্যালয় বিদ্যুৎ সংযোগ নেই, বিষয়টি কেউ আমাকে অবগত করেনি। এখন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রতিটি বিদ্যালয় যেন দ্রুত সংযোগ পায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করছি খুব শীঘ্রই সকল প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ পাবে।

ইত্তেফাক/এএন