নড়াইলের নড়াগাতি থানায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে গুরুতর যখম করেছে সন্ত্রাসীরা।
সোমবার উপজেলার পেঁচি ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আশরাফ ফকির (২৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই গ্রামের জাফর ফকিরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের নড়াগাতি থানার পেঁচি ডুমুরিয়া গ্রামের মজিবর রহমান মজি মোল্যার সঙ্গে একই গ্রামের মিঠু শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে মজি মোল্যার সমর্থক মেহেদী মোল্যা ও হুসাইন মোল্যা ধারালো অস্ত্র দিয়ে মিঠু শেখের সমর্থক আশরাফ ফকিরকে কুপিয়ে যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’
ইত্তেফাক/এএসএমইউ
