নীলফামারীর ডোমার উপজেলায় বাড়িতে বাঁশের বেড়া দেয়াকে কেন্দ্র করে দু’টি পারিবারের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোমবার দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি প্রগতি পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য ইউসুফ আলী বলেন, ওই এলাকার ফয়জদ্দীন ও আবু সাঈদের পাশাপাশি বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সোমবার ফয়জদ্দীন তার বাড়ির চারদিকে বাঁশের বেড়া দিচ্ছিল এমন সময় আবু সাঈদ ওই জায়গাটি তার দাবি করে বাঁধা দেয়। এতে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ সময় বিরোধপূর্ণ জায়গায় উঠানো আবু সাঈদের একটি ঘর আগুনে পুড়ে যায়। এতে দুই পক্ষের আবু সাঈদের পুত্র সুজন, সুমন, সোহেল ও প্রতিপক্ষের জয়জদ্দীনের চাচাতো ভাই মনোয়ার ও তার স্ত্রী মনোয়ারা গুরুত্বর আহত হয়।
চিলাহাটি তদন্ত থানার এসআই জুলফিকার আলী জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং উভয় পক্ষকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে।
ইত্তেফাক/এএন
