নীলফামারীর জলঢাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে এক যুবকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার সন্ধ্যায় উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা এলাকায় ভ্রাম্যমান আদালতে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহা. রাশেদুল হক প্রধান।
এ সময় বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিনসহ সরঞ্জামাদি জব্দ করা হয়।
জানা যায়, উপজেলার গোলনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য তোফাজ্জল হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৪০) জলঢাকা-ডিমলা পাকা সড়কের নিকট জমি থেকে পাথর ও বালু উত্তোলন করতে থাকে। সংবাদ পেয়ে পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে উপস্থিত হন। বালু ও পাথর উত্তোলনের সময় শাহাদাতকে আটক করেন এবং একটি বোমা মেশিন জব্দ করেন।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে সেখানেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ: রাশেদুল হক প্রধান বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ ধারা লংঘনের দায়ে ১৫(১)ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। পরে ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে ছাড়া পায় আটককৃত যুবক।
ইত্তেফাক/এএন
