সরকার কিছুদিনের মধ্যেই নতজানু হয়ে পড়বে :রিজভী

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০১:১৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার কর্তৃক বেগম জিয়ার মুক্তি ও সুচিকিত্সাকে বাধাগ্রস্ত করা দুরভিসন্ধিমূলক। গণবিরোধী কাজের দরুন সরকারের এখন কোনো গণভিত্তি নেই।

তিনি বলেন, আওয়ামী সরকার ঔপনেবেশিক শাসনের মতো জনগণের ক্ষমতাকে কেড়ে নিয়ে জনগণের স্বাধীনতাকে হরণ করেছে। সুতরাং গণশক্তির কাছে এই সরকার অল্প কিছুদিনের মধ্যেই নতজানু হয়ে পড়বে।

গতকাল শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, গত ৩০ ডিসেম্বর মিডনাইট নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে উঠেপড়ে লেগেছেন। সেজন্য তিনি এখন বাকশালের প্রশংসা করে বক্তব্য রাখছেন। বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা তথা গণতন্ত্রকে কফিনে মুড়িয়ে কবর দেওয়ার জন্যই বাকশাল নামক ‘৭৫ এর দুর্বিষহ দুঃশাসনের জয়গান শুরু করেছেন।