গেন্ডারিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোর নিহত

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০১:২০

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোর মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে  গেন্ডারিয়া রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে আগত একটি ট্রেনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

কমলাপুর জিআরপি থানার ওসি ইয়াসিন ফারুক জানান, ঢাকাগামী ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বেসরকারি লোকাল ট্রেনের ছাদে চড়ে ওই কিশোর ঢাকায় আসছিল। রাত ৮টার দিকে ট্রেনটি গেন্ডারিয়া রেলগেট এলাকায় পৌঁছলে ওই কিশোর হুট করে ট্রেনের ছাদে দাঁড়িয়ে যায়। তখন ট্রেন লাইনের উপর দিয়ে ঝুলে থাকা ডিস লাইনের তার কিশোরের গলায় আটকে যায় এবং সে নিচে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।