ভোট চলছে টাঙ্গাইলে

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৮:২৯
 
৩১শে জানুয়ারি টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল হাজারী (নৌকা) , বিএনএফ এর মো. আতোয়ার রহমান খান (টেলিভিশন) এবং এনপিপির ইমরুল কায়েস (আম)।
 
এই আসনে ২লক্ষ ৯০ হাজার ৫৫জন ভোটার রয়েছে ও ভোট অনুষ্ঠিত হচ্ছে ১০৭টি কেন্দ্রে। ইতিমধ্যে পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারগণ ভোট নেওয়া শুরু করেছেন। প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি কম। বেলা ১২টা পর্যন্ত ২০শতাংশ ভোট জমা পড়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রতিটি ভোট কেন্দ্রে জরিপ চালিয়ে পর্যবেক্ষণ করে এই তথ্য পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রতিনিধি।
 
স্থানীয় কালিহাতী প্রতিনিধি জানান, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দীকী বীর উত্তম এর মনোনয়ন বাতিল হওয়ায় উপনির্বাচনে ভোটারদের উপর এর প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সরেজমিনে গিয়ে তিনি জানান, আওয়ামী লীগ ব্যতীত বিএনপিপন্থীসহ অন্যান্য ভোটাররা ঘোরাঘুরি করলেও তারা ভোট কেন্দ্রে ভোট দিতে বিরত রয়েছে। তবে প্রতিটি কেন্দ্রে শেষের দিকে ভোটারদের সংখ্যা বাড়তে পারে এমনটি ধারণা করছেন। তবে কেন্দ্রগুলোতে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন কেন্দ্রে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে কন্ট্রোল রুমের বরাত দিয়ে প্রতিনিধি জানিয়েছেন।
 
ইত্তেফাক/এসএস