রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়নমারকেই করতে হবে: বার্নিকাট

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৮:২৭

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট কক্সবাজার সফরের দ্বিতীয় দিনে টেকনাফস্থ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন।

৩১ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মরত এনজিও আইওএম (আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা) অফিসে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

বার্নিকাট বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা নিরাপদে আছে। আর রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়নমারকেই করতে হবে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে আছে।

বার্নিকাট আইওএম অফিসে মিয়ানমার থেকে বসত-বাড়ি, ধন-সম্পত্তি হারিয়ে এবং ধর্ষিত ও নির্যাতিত হয়ে আসা কয়েকজনের সঙ্গে কথা বলেন। মিয়ানমারে অমানবিক এবং লোমহর্ষক নির্যাতনের কথা শুনেন। তারা মিয়ানমারে ফিরে যাবে কিনা জানতে চাইলে ক্ষতিপূরণ প্রদান ও নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়াসহ নিরাপদ পরিবেশ হলে তারা স্বদেশে ফিরে যেতে আগ্রহী বলে জানান।

বার্নিকাট দুপুর দেড়টায় টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়ে ক্যাম্প প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন আইওএম বাংলাদেশ অফিস প্রধান পেপে কেবি ছিদ্দিকী, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ, উপাধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আলমসহ প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।

মঙ্গলবার বিকালে ৪টায় বিমানযোগে ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ত্যাগ করেন বার্নিকাট।

ইত্তেফাক/এএন