খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংককে কঠিন ও সাহসী হওয়ার পরামর্শ দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স (এফবিসিসিআই)। এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমেদ বলেছেন, দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ক্রমেই বাড়ছে। এ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার। অন্যথায় বিনিয়োগে গতি সঞ্চার করা সম্ভব হবে না। ব্যাংকের খেলাপি ঋণ কমাতে মুদ্রানীতিতে একটি সুনির্দিষ্ট দিক নিদের্শনা থাকা দরকার ছিল।
তিনি আরও বলেন, এভাবে খেলাপি ঋণ বাড়তে থাকলে ব্যাংক টিকে থাকতে পারবে না। তাই এ ব্যাপারে শক্ত হতে হবে। কিছুতেই এভাবে চলতে দেয়া যায় না।
মঙ্গলবার ফেডারেশন ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি শফিউল ইসলাম, সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক শেখ ফজলে ফাহিম, দিলীপ কুমার আগারওয়ালা, প্রবীর কুমার, হারুন উর রশীদ, হোসনে আরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মাতলুব আহমেদ বলেন, ২০১৬ সালের ৩০ জুন খেলাপি ঋণ ৬৩ হাজার ৩০০ কোটি টাকা ছিল। যা বর্তমানে আরো বেড়েছে। এই হতাশাজনক পরিস্থিতি সমাধান না করলে ভালো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
তিনি বলেন, চলতি অর্থবছরের (২০১৬-১৭) দ্বিতীয়ার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতি বেসরকারি খাতের জন্য বিনিয়োগবান্ধব হলেও এখানে কিছু ঘাটতি রয়েছে। মুদ্রাানীতি ঘোষণায় বিনিয়োগ প্রবৃদ্ধি, সরকারের ঋণ গ্রহণে সতর্কতা এবং মূল্যস্ফীতি কমাতে গুরুত্ব দেয়া হয়েছে। তবে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি সাড়ে ১৬ শতাংশের পরিবর্তে কমপক্ষে ১৭ শতাংশ করা হলে আরও বিনিয়োগ সহায়ক হতো।
ইত্তেফাক/এমআই
