রাজশাহীতে আলোর পথে আরো ৪৯ মাদক ব্যবসায়ী

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৮:৪৫
রাজশাহীতে আলোর পথে এসেছে আরো ৪৯ মাদক ব্যবসায়ী।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহানগরীর উপকণ্ঠ চরশ্যামপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পুনর্বাসন ও সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় তাদের হাতে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম (বিপিএম)উপস্থিত ছিলেন।
 
তিনি বলেন, ‘যারা খারাপ পথ থেকে ফিরে এসেছে তাদের পুনর্বাসনের জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। আর যারা এই খারাপ পথ থেকে ফিরে আসবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
 
অনুষ্ঠানে আরএমপির উপ-পুলিশ কমিশনার আমির জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, কাটাখালী পৌর সভার মেয়র আব্বাস আলী উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম, মতিহার খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ