রাজশাহী মহানগরীতে ট্রাকচাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জনাব আলী (৪০) মতিহার থানার চৌমোহনী বাজার এলাকার আকবর আলীর ছেলে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মহানগরীর নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওদাপাড়া ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জনাব আলী সাইকেলে করে ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জনাব আলীর ছোট ভাই আতাউর রহমান জানান, তার ভাই মাছের ব্যবসা করতেন। দুপুরে সাইকেল নিয়ে সে বায়া এলাকায় পাওনা টাকা আদায় করতে যাচ্ছিলেন।
শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। এ বিষয়ে কোনো অভিযোগও পাইনি। ট্রাকসহ চালককে আটকের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/এএসএমইউ
