টাঙ্গাইলের সখীপুরে আইয়ুব হোসেন নামের ১০ বছরের এক শিশু বাবা-মার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচালা ধলীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের লাল মিয়ার ছেলে। স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসায় সে পড়ালেখা করতো। এ ব্যাপারে সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, মঙ্গলবার ওই শিশুটি তার বাবা, মা ও বড় ভাইয়ের সঙ্গে আত্মীয়বাড়ি যেতে বায়না ধরে। তাদের সঙ্গে না নিয়ে উপরন্ত ধমক বা বকাঝকা করে শিশুটিকে বাড়িতে রেখে যান তারা।
এতেই পরিবারের লোকজনের সঙ্গে ক্ষোভ আর অভিমান করে আইয়ুব হোসেন। পরে বাবার ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে শিশুটি।
সখীপুর থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই শিশুটির আত্মহত্যার রহস্য পাওয়া যাবে।
এদিকে এভাবে মৃত্যুর খবরে শিশুটির বাবা, মাসহ পরিবারের লোকজনের মাঝে শোকের মাতম বিরাজ করছে। আদরের সন্তান হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তারা।
ইত্তেফাক/এএন
