পঞ্চগড় বাজারের আবু বক্কর সিদ্দিক নামে এক মিষ্টি ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই ব্যবসায়ী বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি জেলা শহরের তুলারডাঙ্গা এলাকায়। তিনি ওই এলাকার আবুল কালামের পুত্র। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওই ব্যবসায়ীর স্বজনরা।
সোমবার গভীর রাতে প্রতিদিনের মত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে বাসার সামনে এলাকার কয়েকজন দুবৃর্ত্ত তাকে আটক করে বেধড়ক মারপিট করে। তারা তার শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে এবং গলা টিপে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে দুবৃর্ত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এবং পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
পঞ্চগড় থানার এস আই ভবেষ পাল রাতে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী বলেন, দুবৃর্ত্তদের আমি চিনতে পেরেছি। তারা আমার পকেট থেকে ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এর আগে তারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলে।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ব্যবসায়ীকে মারপিট ও পুকুরে বিষ ঢেলে মাছ মারার বিষয়টি সত্য। জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএন
