কুবির শিক্ষক সমিতির সঙ্গে বঙ্গবন্ধু পরিষদের একাত্মতা পোষণ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৯:৫২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদভুক্ত শিক্ষকরা বেশ কয়েকটি প্রশাসনিক পদসহ বিভিন্ন কমিটির মোট ২৫টি পদ থেকে পদত্যাগ করেছেন।
 
মঙ্গলবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এ পদত্যাগ পত্রসমূহ জমা দেন বঙ্গবন্ধু পরিষদভুক্ত শিক্ষকরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চলমান কর্মসূচি ও দাবি-দাওয়া এবং কার্যকরী পদক্ষেপের সঙ্গে একাত্মতা পোষণ করে পরিষদটি।
 
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।
 
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল ও কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের তিনজন আবাসিক শিক্ষক, কাজী নজরুল ইসলাম হলের তিনজন আবাসিক শিক্ষক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দুইজন আবাসিক শিক্ষক, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের একজন আবাসিক শিক্ষক, দুই সহকারী প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের দুইজন সাংস্কৃতিক প্রতিনিধি, পরিবহন কমিটি, টেন্ডার কমিটি ও ক্রয় কমিটিসহ বিভিন্ন কমিটির সদস্য পদ ও প্রশাসনিক পদসহ ২৫টি পদ থেকে শিক্ষকরা পদত্যাগ করেন।
 
শিক্ষকদের পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘শিক্ষকরা বিকাল পাঁটার দিকে বিভিন্ন পদের বিপরীতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এগুলো আমি জমা নিয়েছি এবং পরবর্তীতে এ বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হবে।’
 
উল্লেখ্য, ১৭ জানুয়ারি গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বাসায় পরিকল্পিত হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা এবং শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত ডিন এমএম শরীফুল করীমকে তদন্ত চলাকালীন সকল পদ থেকে অব্যাহতি দেয়াসহ ছয় দফা দাবিতে ২২ জানুয়ারি থেকে লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
 
ইত্তেফাক/এএসএমইউ