ফরিদপুরের মধুখালী উপজেলা সদরে মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
ওই ছাত্রের নাম ইসতিয়াক আহমেদ (নিশাত)। তার বয়স ১১ বছর। নিশাতের পিতার নাম মো. খলিলুর রহমান, তার বাড়ি উপজেলার গোন্দারদিয়া গ্রামে।
এ ব্যাপারে নিশাতের পিতা মো. খলিলুর রহমান মধুখালী থানায় মঙ্গলবার বিকালে নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেছেন। মধুখালী থানার জিডি নম্বর ১৩১৬তাং- ৩১.০১.২০১৭।
নিখোঁজ নিশাতের পিতা খলিলুর রহমান জানান, নিশাত গত ৩০ জানুয়ারি মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাড়ি থেকে বেলা সাড়ে ১১টায় বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিশাতের গায়ের রং উজ্জল শ্যামলা। তার পরনে কালো রংয়ের ট্রাউজার, সাদা গেঞ্জি এবং জিন্সের কোট পরিহিত ছিল।
এ ব্যাপারে মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের পিতা মো. খলিলুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।
ইত্তেফাক/এএন
