দূর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগ নেতা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ২০:১৪

সিলেট এমসি কলেজ সংলগ্ন টিলাগড়ে সোমবার রাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রহমান চৌধুরী রাজন।  রাজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মঙ্গলবার রাজনের বড় ভাই আইনজীবী গোলাম সোবহান চৌধুরী জানিয়েছেন। সোমবার দুপুরে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের ঘটনার জের ধরে এ হামলা হয়েছে বলে মনে করছেন গোলাম সোবহান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে টিলাগড় মোড়ে মুখোশধারী তিনজন দুর্বৃত্ত গোলাম রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তাঁর সঙ্গে থাকা এহসানুল করিম মাবরুর ও তানিম আহমদও আহত হন।

হামলার পর তাৎক্ষনিকভাবে গুরুতর আহত রাজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। গোলাম সোবহান চৌধুরী জানান, পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণ শেষে জানিয়েছেন, রাজনের দুই পা ও হাতে সাতটি কোপ রয়েছে।  কোপে ডান পায়ের হাড় ভেঙে গেছে। বাঁ হাতের দুটো আঙুলও প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

আহত এহসানুল ও তানিম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি জানান, ঘটনার পর পুলিশের একটি দল সেখানে যায়। হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ।

একই দিন সকালে টিলাগড়ে ছাত্রদলের মিছিলে সন্ত্রাসী হামলায় তিনজন আহত হন। এ সময় ছাত্রদলের ব্যানার পুড়িয়ে দেয়া হয়। ছাত্রদল ঐ ঘটনার জন্যে ছাত্রলীগকে দায়ী করে বলে তারা ধারালো অস্ত্র উচিয়ে মহড়া দেয় এবং ছাত্রদলের ওপর হামলা চালায়। এই ঘটনায় টিলাগড় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ইত্তেফাক/এএন