গাজীপুরের টঙ্গী উপজেলায় দুইটি বিদ্যালয়ে ৬৫ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রবেশ পত্র হাতে না পাওয়ায় মঙ্গলবার রাত আটটায় মিলগেট নিউ মুন্নু ফাইন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থী স্কুলের চেয়ার টেবিল ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া পাগাড় মোহাম্মদ আলী পাঠান স্কুল এন্ড কলেজেরও ৩০ শিক্ষার্থী ২০১৭ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে বিক্ষোভ করেন।
বিকাল থেকে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শিক্ষার্থীরা জানায়, আসন্ন এসএসসি পরীক্ষার প্রবেশপত্র টঙ্গীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ প্রায় শেষ হয়েছে। কিন্তু তারা প্রধান শিক্ষকের কাছে প্রবেশপত্র আনতে গেলে আজ না কাল দেয়া হবে বলে কালক্ষেপণ করতে থাকে।
মঙ্গলবার প্রবেশপত্র দেয়ার নির্ধারিত দিন থাকায় বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী বিদ্যালয়ে জড়ো হয়। বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমে এলে প্রধান শিক্ষককের দেখা না পেয়ে পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক পালিয়ে যান।
দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা সকাল থেকেই ঢাকা শিক্ষা বোর্ডে অবস্থান করছি এবং প্রবেশপত্রের জন্য চেষ্টা করছি। আমরা প্রবেশপত্র নিয়ে বিদ্যালয়ে আসবো। রাত আটটা পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশ পত্র না পাওয়ায় নিউ মুন্নু ফাইন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের আসবাপত্র ভাঙচুর করে স্কুল প্রাঙ্গনে আগুন ধরিয়ে দেয়।
ইত্তেফাক/এএসএমইউ
