টাঙ্গাইল-৪ উপ-নির্বাচন

আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান বিপুল ভোটে জয়ী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৯

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপ-নির্বাচন গতকাল মঙ্গলবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারী তিনজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত হাসান ইমাম খান সোহেল হাজারী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৯৩ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী এনপিপি’র ইমরুল কায়েস আম প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১ হাজার ৬৯৬ ভোট। অপর প্রার্থী আতাউর রহমান খান টেলিভিশন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩২০ ভোট।

সারাদিন ভোট গ্রহণকালে তেমন কোনো বিশৃংখলা দেখা না গেলেও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ৮নং বল্লব বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। অনিয়মের অভিযোগে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

গত ২৪ জানুয়ারি দুপুরে নির্বাচন কমিশন ভোট গ্রহণের এ তারিখ ঘোষণা করে। এই আসনে পূর্ববতী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার ও তিনি সংসদ পদ ছেড়ে দেওয়ার প্রেক্ষিতে আসনটি শূন্য হয়।

ইত্তেফাক/এসএসএ