রংপুরে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৮
 
রংপুরের তারাগঞ্জে উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে মশিয়ার রহমান (৪০) ও বিজয় চন্দ্র দোমাসু (৩২) নামে দুই ডাকাত নিহত হয়েছেন।
 
বুধবার ভোর রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার কুর্শা গ্রামের নেংটিছেড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, তারাগঞ্জ উপজেলার ভিমপুর দর্জিপাড়া এলাকার মৃত. জাকারিয়ার পুত্র আন্ত:জেলা ডাকাত দলের সর্দার মশিয়ার রহমান ও রংপুর সদর উপজেলার বিজয় চন্দ্র দোমাসু। সংবাদটি পাঠানোর সময় পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
 
তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ জানান, রাত ৩ টার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল নেংটিছেড়া ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ গেলে ডাকাতদল তাদের উপর অতর্কিত হামলা চালালে পুলিশ আত্নরক্ষার্থে পাল্টাগুলি বর্ষণ করলে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
 
এই ঘটনায় ডাকাতের হামলায় তারাগঞ্জ থানার এসআই মিজানুর রহমার, এএসআই আব্দুর রহিম এবং দুই কনস্টেবল রাশেদ ও সাখাওয়াত আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি। পরে নিহত দুই ডাকাতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস