২০১৬ সালে গ্রামীণফোনের প্রবৃদ্ধি ৯.৬ শতাংশ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৩
 
গ্রামীণফোন ২০১৬ সালে ১১ হাজার ৪৯০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। যা ২০১৫ সালের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি। নতুন গ্রাহক এবং সেবা থেকে অর্জিত রাজস্ব (আন্তসংযোগ আয় ব্যতীত) বেড়েছে ১২%, সেই সাথে ডাটা রাজস্বের প্রবৃদ্ধিও অব্যাহত ছিল।। ডাটা থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ৬৯.৭%, ডাটা গ্রাহক ৫৬.১% ব্যবহারের পরিমাণ বেড়েছে ১৬৭.৯% ।
 
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে গ্রামীণফোন। গ্রামীণফোন ৫ কোটি ৮০ লক্ষ সক্রিয় গ্রাহক নিয়ে বছরটি শেষ করেছে যেখানে প্রবৃদ্ধির হার ছিল ২.২%। গত বছর গ্রামীণফোনে যুক্ত হয়েছে ৮৮ লক্ষ ডাটা গ্রাহক। এর ফলে মোট গ্রাহকের ৪২.৩% ইন্টারনেট সেবা ব্যবহার করছে।
 
গ্রামীণফোনের সিইও পেটার ফারবার্গ বলেন, ‘২০১৬ ব্যবসায়িক ক্ষেত্রে গ্রামীণফোনের জন্য একটি সার্বিক সাফল্যের বছর। ডাটা রাজস্বের অব্যাহত প্রবৃদ্ধির পাশাপাশি ভয়েস খাতেও প্রবৃদ্ধি হয়েছে। এই বছর আমরা সাফল্যের সাথে বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া ও ৯০% সাইটে ৩জি পৌঁছে দিতে পেরেছি।’
 
তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে আমরা এক বছর আগে স্থির করা প্রমাণিত কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ অব্যাহত রাখবো এবং সম্মানিত শেয়ারেহাল্ডারদের জন্য মূল্য সংযোজন করবো।’
 
গ্রামীণফোন ২০১৬ এ তার ৩জি নেটওয়ার্ক স্থাপন, ২জি নেটওয়ার্ক এর মানোন্নয়ন এবং আইটি অবকাঠামোর দক্ষতা বৃদ্ধিতে ২১১০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এদিকে দেশের বৃহত্তম কর দাতা গ্রামীণফোন ২০১৬ সালে সরকারী কোষাগারে কর, ভ্যাট, শুল্ক ও লাইসেন্স ফি হিসেবে ৫৮৬০ কোটি টাকা দিয়েছে যা কোম্পানির মোট রাজস্ব আয়ের ৫১.০ শতাংশ।
 
ইত্তেফাক/এমএআর