কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মায়ের লাশ উদ্ধারের ১০ দিন পর গত মঙ্গলবার রাতে তার দুই মাস বয়সী পুত্র আমিরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আঙ্গিয়াদি গ্রামের বিলভরা গুদি বিলে কচুরিপানার নিচ থেকে আমিরুলের লাশ উদ্ধার করা হয়। গত ২১ জানুয়ারি উক্ত বিল থেকে আমিরুলের মা রহিমা খাতুনের(২৮) লাশ উদ্ধার করে পুলিশ।
গত ১৩ জানুয়ারি পাকুন্দিয়া উপজেলার পাবদা গ্রামের নজরুল ইসলাম শিশুসন্তানসহ তার স্ত্রী রহিমা খাতুনকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে নজরুল বাড়ি ফিরে এলেও কোলের শিশুসহ রহিমা খাতুন নিখোঁজ ছিল।
এ ব্যাপারে রহিমার ভাই আব্দুল আউয়াল বাদী হয়ে গুম ও খুনের অভিযোগে নজরুলসহ সাত জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন বুধবার দুপুরে জানান, এ পর্যন্ত এজাহারনামীয় নজরুলের ভাই দীন ইসলাম ও একজন সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
