চাকরির প্রলোভনে লাশ হলেন গৃহবধূ রাসেলা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৫

ভাল বেতনের চাকরির প্রলোভনে ফেলে ভারতের মুম্বাই শহরে পাচার করা হয়েছিল গৃহবধূ রাসেলা বেগম (৪০)। এর ৩ বছরের মাথায় নির্যাতনে লাশ হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা আঁশতলাপাড়ার এই গৃহবধূ।

পাচারকারী চক্র তার জমাকৃত কয়েক লাখ রুপি ও স্বর্ণের অলঙ্কার ছিনিয়ে নেওয়ার সময় তার ওপর অমানুষিক নির্যাতন করে। নির্যাতনের একপর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়।

নিহতের লাশ দেশে নিতে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। রবিবার রাতে তার মৃত্যু হলেও গত মঙ্গলবার বিকেলে ইমোর মাধ্যমে নিহত রাসেলার ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছে। এরপর আবার তারা মোবাইলে কল করে লাশের জন্য বিপুল অংকের এ চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করা হয়েছে।

বাঁকা গ্রামের খোকন ড্রাইভারের ছেলে রাজন অভিযোগ করে বলেছেন, তার পিতার সঙ্গে উপজেলা শহরের শাপলাকলিপাড়ার পুলিশের সোর্স আব্রার ছিলো সখ্যতা। তার স্ত্রী রাশিদা বেগম দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাই শহরে রয়েছে। বছর তিনেক পূর্বে সে বাড়িতে ফিরে এসে তার মা রাসেলা বেগমকে ভাল বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়।

সেখানে নিয়ে গিয়ে কাজ দেয়ার পর রাশেদা তার মার নিকট উপার্জিত অর্থ থেকে পারসেন্ট দাবি করে। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। গত ৩ বছরে মুম্বাই শহরের একটি ফ্যাক্টরিতে চাকরি করে ৪ লাখ রুপি ও স্বর্ণের অলঙ্কার জমায় তার মা।

এ অবস্থার মধ্যে সে মাস ছয়েক পূর্বে বাড়ি ফিরে আসার কথা বলে। বাড়িতে ফিরে আসার কথা বলায় পাচারকারী চক্রের সঙ্গে তার বিরোধ আরও দানা বাধে। গত কয়েকদিন পূর্বে রাসেলা বেগমকে নির্যাতন করে তার গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ। নির্যাতনের ফলে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে মুম্বাই শহরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার রাতে রাসেলা বেগম মারা যান। মঙ্গলবার রাজনের মোবাইলে তার মায়ের লাশের ছবি পাঠানো হয়। ৯৫০৩৬৩৩৬১২ ও ৭০৫৮৫১৬২৯৩ নম্বর মোবাইল থেকে ফোন করে জানানো হয়, এ লাশ দেশে ফেরত নিতে হলে ২ লাখ টাকা দিতে হবে। টাকা পরিশোধ করতে হবে শাপলা কলিপাড়ার আব্রার নিকট।

কিন্তু বিপুল এ অঙ্কের টাকা দিয়ে লাশ নেয়ার মত সক্ষমতা নেয় তার পরিবারের। নিহত রাসেলার বাড়িতে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। স্বামী খোকন ঢাকাতে ট্রাক চালান। মায়ের অকাল এ মৃত্যুতে শোকাহত সন্তানরা দিশেহারা হয়ে পড়েছে। মায়ের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য তার সন্তানরা দাবি জানিয়েছে।

ইত্তেফাক/এএন