খুলনায় কলেজ শিক্ষক হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩০
খুলনায় হত্যা মামলার আসামি রাসেল ওরফে পঙ্গু রাসেলকে (২২) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
 
বুধবার ভোর রাতে নগরীর পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আহত রাসেল নগরীর সোনাডাঙ্গার আজাদ লন্ড্রীর মোড় এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় সাতটি মামলা রয়েছে। 
 
পুলিশ জানায়, কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলার আসামি রাসেল ওরফে পঙ্গু রাসেলকে গত মঙ্গলবার রাত পৌণে ১১টার দিকে নগরীর রায়পাড়া মেট্রোপলিটন ক্লিনিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে রাত পৌণে তিনটার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় স্থানীয় হাজী আব্দুল মালেকের জমির দক্ষিণ পাশ থেকে অস্ত্র উদ্ধার করতে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে খুলনা সদর থানার এসআই মো. সাইফুর রহমান, এসআই অজিত কুমার দাস, এএসআই পুলক কুমার কুন্ডু ও এএসআই অজয় কুমার হালদার আহত এবং সন্ত্রাসী রাসেল পায়ে গুলিবিদ্ধ হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা ও গুলিবিদ্ধ রাসেলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হুমায়ূন কবীর জানান, গ্রেফতার রাসেল নগরীর চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি। এ ঘটনায় এসআই সাইফুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে ও পুলিশের উপর হামলার ঘটনায় দুইটি মামলা হয়েছে।
 
উল্লেখ্য, ১৪ জানুয়ারি রাতে নগরীর আমতলা মোড় এলাকায় শহীদ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইনের ভাড়া বাসায় ঢুকে বাড়ির মালামাল লুট করার চেষ্টা করে একদল দুর্বৃত্ত। বাসায় টাকা-পয়সা ও স্বর্ণালংকার না পেয়ে তারা শিক্ষক বাইনের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়।
 
ইত্তেফাক/এএসএমইউ