গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক মাছ ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ঊষা চন্দ্র দাস (৩৫) উপজেলার বেতুয়া গ্রামের সৌমিত্র চন্দ্র দাসের ছেলে।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঊষা কালীগঞ্জ বাজারের মাছের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে বড়নগর রোডের ওই হাসপাতালের ভিতরে আওলাদ (৩২) নামের এক রোগী তার ব্যবহৃত (পাল্সার) মোটরসাইকেল রেখে ডাক্তার দেখাতে যান। পরে তিন যুবক মিলে বিকল্পভাবে তালা খুলে মোটরসাইকেলটি দ্রুত গতিতে ছিনিয়ে নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় কালীগঞ্জ বাজারগামী একটি ইজিবাইককে স্বজোরে আঘাত করে। ইজিবাইটি সামনের দোকানের সাটার ও কাচ ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। এ সময় ইজিবাইকের যাত্রী ঊষা চন্দ্র দাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, ‘এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি।’
ইত্তেফাক/এএসএমইউ
