চার মাস পর ঘরে ফিরলেন খাদিজা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৭
সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী খাদিজা চার মাস পর অবশেষে ঘরে ফিরেছেন। 
 
বুধবার দুপুরে ভাই শাহীন আহমদের সঙ্গে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান খাদিজা। পরে বিকেলে বিমানবন্দরে থাকা বাবা মাসুক মিয়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। বিকাল সাড়ে ৩টার দিকে খাদিজা সিলেট সদর উপজেলার হাউশায় গ্রামের নিজ বাড়িতে পৌঁছান।
 
খাদিজার বাবা মাসুক মিয়া জানান, ডাক্তারদের অনেক বলে কয়ে খাদিজাকে এক সপ্তাহের জন্য বাড়িতে আনা হয়েছে। এখানে কিছুদিন থাকলে তার ভাল লাগবে এবং সে দ্রুত সুস্থ হতে পারবে বলে মনে হয়। তাই তাকে বাড়ি আনা। 
 
গত বছর ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে হল থেকে বের হলে খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এরপর প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। তারপর থেকে খাদিজা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি হয়। বদরুলের শাস্তির দাবিতে সারা দেশ উত্তাল হয়ে উঠে। বদরুল খাদিজাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে বলে আদালতে জবানবন্দি দেন।
 
গত ২৮ নভেম্বর স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সাভারের পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নেয়া হয় তাকে।
 
ইত্তেফাক/ইউবি