আসন্ন গ্রীষ্ম মওসুমে আউস চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কৃষি প্রণোদনা হিসেবে ৩২ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বুধবার তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন।
উচ্চফলনশীল স্থানীয় আউস ও নেরিকা চাষে বীজ ও সারসহ প্রয়োজনীয় উপকরণের যোগান দিতে দুই লাখ ২৫ হাজার ৯৮৮ জন কৃষককে এ প্রণোদনার টাকা দেয়া হবে। নেরিকা হচ্ছে তুলনামূলক কম সময়ে উৎপাদনশীল ক্ষরাসহিষ্ণু জাত। ২০০৯ সালে এটি আফ্রিকা থেকে আমদানি করা হয়।
আগামী মার্চ থেকে শুরু ‘খারিফ-১ মওসুমে’ ৫১ জেলায় আউসের জন্য ২৭ কোটি ১০ লাখ এবং ৪০ জেলায় নারিকা জাত চাষে তিন কোটি ৯০ লাখ টাকা প্রণোদনা দেয়া হবে। এতে আউস চাষে দুই লাখ ও নারিকার জন্য ২০ হাজার কৃষক সহায়তা পাবে।
মতিয়া চৌধুরী বলেন, এছাড়া ৬৪ জেলায় পাট, ইক্ষু, মিষ্টি কুমড়ার বালাই দমনে এক কোটি ৯০ লাখ ১৬ হাজার ৪৬০ টাকা দেয়া হবে।
আউস চাষে প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ফসফেট ও ১০ কেজি করে পটাশ পাবে। নারিকার জন্য প্রত্যেক কৃষককে দেয়া হবে ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ফসফেট ও ১০ কেজি পটাশ।
মন্ত্রী বলেন, এতে অতিরিক্ত ৭০ হাজার টন আউস ও ছয় হাজার টনেরও বেশি নারিকা উৎপাদিত হবে।
অনুষ্ঠানে কৃষি সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও কৃষি সম্প্রসারণ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হান্নানসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/এএসএমইউ
