চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একই গ্রামের আমতলা পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামী ঝন্টুকে (৩৬) এক বছরের সশ্রম কারাদণ্ড ও একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুল হাফিজ বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় ঝন্টুকে এ জেল জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, উথলী গ্রামের আমতলা পাড়ার মৃত শফি মোল্লার ছেলে ঝন্টু উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ১৪ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়।
এরপর সে ওই ছাত্রীকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার উপর শারীরিক নির্যাতন চালায়। ২৩ জানুয়ারি ওই ছাত্রীর পিতা এ ব্যাপারে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার বিকেলে ঝন্টুর বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন এবং ঝন্টুকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক মো. নূরুল হাফিজ বখাটে ঝন্টুকে উক্ত জেল জরিমানা করেন।
ইত্তেফাক/এমএআর
